রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
\r\nশনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এ সময় ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা এবং ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণের ৭টি প্যাকেজ কাজের উদ্বোধন করা হয়।
\r\nডিএনসিসি প্রশাসক বলেন, “প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ডিএনসিসি ও ডিএমপি একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এসব ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা প্রস্তুত করেছে। শিগগিরই রাতে অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।”
\r\nতিনি আরও বলেন, “বাড়ির মালিক সমিতিগুলোকে অনুরোধ করবো— আপনারা নিজ নিজ এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশে বাধা দিন। আবাসিক এলাকাগুলো যেন পরিকল্পনার বাইরে বাণিজ্যিক কাজে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতন হোন। স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে এ ধরনের অনিয়ম সহজে বন্ধ করা সম্ভব।”
\r\nনগরবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, “হাউজিং কোম্পানির কাছ থেকে প্লট কেনার আগে মৌজা ম্যাপ দেখে নিশ্চিত হোন, প্লটটি জলাধারে পড়ছে কিনা। জলাধারে প্লট কিনলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে পারেন।”
\r\nইস্টার্ন হাউজিং এলাকায় উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, “একসময় এই এলাকায় পাকা রাস্তা অসম্ভব মনে করা হতো। খাল দখল হয়ে গিয়েছিল, মাঠ-গাছ কিছুই ছিল না। আমরা নাগরিক সমাজ মিলে আন্দোলন করে খাল উদ্ধার করেছি। উন্নয়ন কাজ শেষ হলে এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জলাবদ্ধতা দূর হবে।”
\r\nসবশেষে এলাকাবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই বর্ষায় বড় গাছ লাগান। পরিকল্পনা করে রাস্তাভিত্তিক কৃষ্ণচূড়া, সোনালুর মতো গাছ লাগালে এলাকাটি হয়ে উঠবে সবুজ ও পরিবেশবান্ধব।”
\r\nঅনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ নির্মাণকাজের সূচনা করেন এবং মোনাজাতে অংশ নেন।





